ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে নিয়োজিত সেনাসদস্যদের কঠোরভাবে নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দায়িত্ব পালনে কোনো ধরনের বিচ্যুতি সহ্য করা হবে না—এমন কঠোর বার্তা দিয়ে তিনি শৃঙ্খলার সাথে জনবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলা সার্কিট হাউজে ঢাকা বিভাগের শরীয়তপুর, ফরিদপুর ও মুন্সিগঞ্জের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় আসন্ন নির্বাচনকে ঘিরে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ছক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সেনাপ্রধান জানান, ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যরা বর্তমানে মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি নিজে বিভিন্ন জেলা সফর করে এই কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে যাচাই করছেন। বিশেষ করে ভোটগ্রহণের দিনগুলোতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ও সাহসিকতার সাথে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সংস্থাগুলোর সাথে সেনাবাহিনীর সমন্বয় বাড়ানোর তাগিদ দেন জেনারেল ওয়াকার-উজ-জামান। সভায় উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড), ৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভার এরিয়া কমান্ডারসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
এর আগে গত কয়েক দিনে তিনি ময়মনসিংহ, পটুয়াখালী ও খুলনা অঞ্চল সফর করে একই ধরনের দিকনির্দেশনা প্রদান করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট ঘিরে দেশজুড়ে প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েনের প্রক্রিয়া চলছে।



মন্তব্য করুন