কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একটি মসজিদে দান করা দুই হালি ডিম অবিশ্বাস্য ২০০০ টাকায় নিলামে বিক্রি হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে পবিত্র শবে বরাত উপলক্ষে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এই ঘটনা ঘটে। সাধারণ বাজারদরে যার মূল্য বড়জোর ১০০ টাকা, ধর্মীয় আবেগ ও মসজিদের উন্নয়নের সওয়াবের আশায় তা ২০ গুণ বেশি দামে কিনে নিয়েছেন স্থানীয় মুসল্লিরা।

স্থানীয় সূত্র জানায়, শবে বরাতের রাতে ইবাদতের জন্য সমবেত মুসল্লিদের মধ্যে দুই ব্যক্তি দুই হালি হাঁস ও মুরগির ডিম মসজিদে দান করেন। এশার নামাজের পর মসজিদ কমিটি উন্নয়ন কাজের তহবিল সংগ্রহের জন্য ডিমগুলো উন্মুক্ত নিলামে তোলে।

নিলামের শুরুতেই মানিক মিয়া নামের এক ব্যক্তি প্রথম এক হালি ডিম ৩০০ টাকায় কিনে নেন। এরপর দ্বিতীয় হালিটি ১০০০ টাকায় কিনে নেন বাদল মিয়া নামের আরেক মুসল্লি। চাঞ্চল্যকর বিষয় হলো, প্রথম ক্রেতা মানিক মিয়া তার কেনা এক হালি ডিম বাড়িতে না নিয়ে পুনরায় মসজিদে দান করে দেন। এরপর সেই ডিম কিনতে ৪-৫ জন মুসল্লির মধ্যে নতুন করে প্রতিযোগিতা শুরু হয় এবং শেষ পর্যন্ত স্থানীয় রানা মিয়া নামের একজন ৭০০ টাকায় তা কিনে নেন। সব মিলিয়ে দুই হালি ডিম থেকে মসজিদের তহবিলে জমা হয় মোট ২০০০ টাকা।

সর্বোচ্চ দামে কেনা বাদল মিয়া ও রানা মিয়া জানান, এটি কেবল ডিম কেনা নয়, বরং মসজিদের কল্যাণে শরিক হওয়া। ধর্মীয় বিশ্বাস থেকে তারা মনে করেন, আল্লাহর ঘরের জিনিস কিনলে বরকত পাওয়া যায় এবং এতে রোগব্যাধিও ভালো হতে পারে।

নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রবিউল ইসলাম বলেন, ইসলামে ভালো কাজে প্রতিযোগিতার বিশেষ গুরুত্ব রয়েছে। মুসল্লিরা সওয়াবের আশায় স্বতঃস্ফূর্তভাবে এই নিলামে অংশ নিয়েছেন। এই অর্থ মসজিদের চলমান উন্নয়ন ও সংস্কার কাজে ব্যয় করা হবে।