ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গণঅভ্যুত্থান পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় সংবিধানের বিশেষ বিধান অনুযায়ী সিইসিকে এই দায়িত্ব পালন করতে হবে। সংসদ ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের বিভিন্ন উপ-দফা বিশ্লেষণ করে দেখা যায়, সাধারণত বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পড়ান। তবে স্পিকারের অনুপস্থিতিতে তার মনোনীত ব্যক্তি এবং সেই পথও রুদ্ধ থাকলে গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। বর্তমানে দেশে স্পিকার ও ডেপুটি স্পিকার—উভয় পদই শূন্য থাকায় সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সিইসিই এখন একমাত্র বৈধ কর্তৃপক্ষ।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের আগেই নতুন সংসদ সদস্যদের বরণ করে নিতে শপথ কক্ষ ও সংসদ অধিবেশন কক্ষের সংস্কার কাজ শেষ করা হচ্ছে। সচিবালয়ের সিনিয়র লেজিসলেটিভ ড্রাফট এম এম ফজলুর রহমান জানান, গেজেট হওয়ার তিনদিনের মধ্যে স্পিকার শপথ না করালে পরবর্তী তিনদিনের মধ্যে সিইসিকে তা সম্পন্ন করতে হয়। সবকিছু মাথায় রেখেই প্রস্তুতি চলছে।

নির্বাচন কমিশনার আবদুল রহমানেল মাছউদ এ বিষয়ে বলেন, “সংবিধানে স্পষ্ট বলা আছে—স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকলে প্রধান নির্বাচন কমিশনারই নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করাবেন। এর ব্যত্যয় হওয়ার সুযোগ নেই।” সাংবিধানিক বিশেষজ্ঞ ড. শাহদীন মালিকও একে বৈধ প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেন, স্পিকারের অনুপস্থিতিতে সিইসির মাধ্যমে শপথ নেওয়া পুরোপুরি সাংবিধানিক কাঠামোর অংশ।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এ বিষয়ে সংসদ সচিবালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং সময়মতো আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।