নির্বাচনী উত্তাপের মধ্যে ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী স ম খালিদুজ্জামানের নতুন একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে খালিদুজ্জামান ও তার সহযোগীদের একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপককে শারীরিকভাবে হেনস্তা করতে দেখা গেছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়। অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়; বরং গত বছরের ১৭ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এক্সিম ব্যাংকের একটি শাখায় এটি ধারণ করা হয়েছিল।

ভিডিওতে দেখা যায়, খালিদুজ্জামান ও তার সঙ্গে থাকা একদল ব্যক্তি ব্যাংকের ভেতরে অত্যন্ত মারমুখী অবস্থানে রয়েছেন। একপর্যায়ে খালিদুজ্জামান ব্যাংক কর্মকর্তাদের দিকে তেড়ে যান এবং তার সহযোগীরা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সময় ভিডিওর নেপথ্যে অকথ্য ভাষায় গালিগালাজ ও উসকানিমূলক মন্তব্য শোনা যায়।

উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার খালিদুজ্জামানের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে ক্যান্টনমেন্ট এলাকায় গানম্যানসহ প্রবেশের সময় দায়িত্বরত সেনাসদস্যদের সঙ্গে তাকে তর্কে জড়াতে দেখা যায়। পর পর দুটি ভিডিও ছড়িয়ে পড়ায় নির্বাচনী এলাকায় সাধারণ ভোটার ও সচেতন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।