শরীয়তপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান জোরদার করেছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে শরীয়তপুর সদর, নড়িয়া ও ডামুড্যা আর্মি ক্যাম্প থেকে একযোগে তিনটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়।
সদর ক্যাম্প থেকে মেজর সাজেদুর রহমানের নেতৃত্বে আঞ্জারিয়া ঘণঘোষ এলাকায় পরিচালিত অভিযানে একটি টমাহক শটগান, দুটি একে-২২ সেমি অটোমেটিক রাইফেল, তিনটি ম্যাগাজিন, ৭১ রাউন্ড শটগান এমুনিশন, ৫৭ রাউন্ড রাইফেল এমুনিশন, ১২ রাউন্ড ৯ মিমি পিস্তল এমুনিশন, একটি বিদেশি ড্যাগার, তিন বোতল বিদেশি মদ এবং মাদক বহনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একই অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মিঠু তালুকদারের স্ত্রী ইসমত জাহান ওরফে ইলারা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে নড়িয়া ক্যাম্প থেকে মেজর অননের নেতৃত্বে মুন্সিরচর ইউনিয়নের আলগত নয়ন মাতবরের বাড়িতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, সাতটি কার্তুজ, তিনটি রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ঘটনায় রফিক মাড়ল নামে একজনকে আটক করা হয়েছে।
এছাড়া ডামুড্যা ক্যাম্প থেকে মেজর আবরারের নেতৃত্বে ইরিকাটি এলাকায় চালানো অভিযানে একটি ইলেকট্রিক শক মেশিন, দুটি চাইনিজ কুড়াল, দুটি চাপাতি ও দুটি ছুরি জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় শরীয়তপুর সদর ক্যাম্প স্টেডিয়াম মাঠে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, পিএসসি। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।



মন্তব্য করুন