ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ মুহূর্তে এসে বড় শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী রোববার (০৮ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাপনী জনসভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলের এই সিদ্ধান্ত জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওই দিন দুপুর ২টায় জনসভা শুরু হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদ সম্মেলনে রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের মানুষ ‘ধানের শীষ’কে কেবল একটি প্রতীক নয়, বরং আবেগের জায়গা থেকে গ্রহণ করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষকে বিজয়ী করবেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হবে। তার দুই দিন আগেই ঢাকা থেকে চূড়ান্ত বার্তা দিতে চায় রাজপথের প্রধান এই বিরোধী দল।



মন্তব্য করুন