আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত-শিবির বড় ধরনের ভোট চুরির পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদ। তিনি দাবি করেন, বিগত সরকারের সঙ্গে আঁতাত করে শিবির সদস্যরা ভোট জালিয়াতির কারিগরি রপ্ত করেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সমর্থনে এই সভার আয়োজন করা হয়।
বক্তব্যে আবিদুল ইসলাম বলেন, “জামায়াত ও শিবির গত কয়েক বছর পলাতক আওয়ামী লীগ সরকারের সঙ্গে মিলেমিশে গুপ্ত রাজনীতি করেছে। তাদের সেই রাজনৈতিক সখ্যতা থেকে তারা ভোট চুরির নানা কৌশল শিখেছে।” তিনি অভিযোগ করেন, নির্বাচনী মাঠ অপদখল করতে ইতোমধ্যে এক জামায়াত নেতা ব্যালটের সিলসহ গ্রেপ্তার হয়েছেন।
আসন্ন নির্বাচনে বিএনপি কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই ছাত্রদল নেতা বলেন, কোনোভাবেই যেন অতিরিক্ত ব্যালট পেপার বা সিল নিয়ে কেউ কেন্দ্রে প্রবেশ করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখতে হবে। তিনি একে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই হিসেবে উল্লেখ করেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা-১৮ আসনের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।



মন্তব্য করুন