খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম উল্লেখযোগ্য হারে কমতে যাচ্ছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই সুসংবাদ জানান।
তিনি বলেন, ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে এলপিজি গ্যাসের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে শুধু আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে। এর ফলে সামগ্রিক করভার হ্রাস পাওয়ায় বাজারে এলপিজি সিলিন্ডারের দাম কমবে।
সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কাজের খতিয়ান তুলে ধরে প্রেস সচিব জানান, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে এ পর্যন্ত ৬৮টি ক্যাবিনেট মিটিংয়ে ৫২৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার বাস্তবায়ন হার ৮৩ শতাংশের বেশি। এছাড়া এই সময়ে রেকর্ড ১১৬টি অধ্যাদেশ জারি করা হয়েছে।
পাশাপাশি আসন্ন রমজানের অফিস সময়সূচিও ঘোষণা করা হয়েছে। রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত, যেখানে জোহরের নামাজের জন্য ১৫ মিনিটের বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব সুবিধামতো সময় নির্ধারণ করতে পারবে।


মন্তব্য করুন