শরীয়তপুরে শেষ মুহূর্তে জোরদার হয়ে উঠেছে নির্বাচনী প্রচার–প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উঠান বৈঠক, মিছিল ও সভার মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের এপিএস এবং শরীয়তপুর–১ আসনের বিএনপি প্রার্থী মিয়া নুরুউদ্দিন আহমেদ অপু গোসাইরহাট ও ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয়দের নিয়ে উঠান বৈঠক করে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি।
গণসংযোগকালে অপু অভিযোগ করেন, একটি মহল নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। তিনি ভোটারদের সচেতন থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নেওয়ায় শরীয়তপুর জেলার তিনটি আসনেই নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এ পরিস্থিতিকে বড় সুযোগ হিসেবে দেখছে এবং মাঠে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। তবে অন্য দলগুলোর প্রার্থীরাও প্রচারণায় পিছিয়ে নেই।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আওয়ামী লীগবিহীন মাঠে শরীয়তপুরে বিএনপি তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে। দীর্ঘদিন একদলীয় প্রভাব থাকায় ভোটারদের মধ্যে বিকল্প নেতৃত্বের প্রতি আগ্রহ বাড়ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন