ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কোনো ধরনের বুলেট বা রাবার বুলেট ব্যবহার করা হয়নি।

রিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা করলে শাহবাগ ও মিন্টো রোড এলাকায় পুলিশের সঙ্গে সংঘাত বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

ডিসি মাসুদ আলম বলেন, “ঘটনাস্থলে কোনো বুলেট ছোড়া হয়নি। আন্দোলনকারীরা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের স্প্লিন্টার বা অন্য কোনো আঘাতে আহত হয়ে থাকতে পারেন। ৫ আগস্টের পর থেকে এই এলাকায় পুলিশের পক্ষ থেকে কোনো গুলি চালানোর ঘটনা ঘটেনি।”

এর আগে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়, পুলিশের অভিযানে তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। পুলিশের পক্ষ থেকে এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করা হয়েছে।

বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হওয়ার পর বর্তমানে মিন্টো রোড ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।