রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সাথে সংঘর্ষে ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিন রনি আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্দোলনকারীদের হঠাতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপের সময় তিনি আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছেন, মহিউদ্দিন রনির শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া টিয়ার শেলের ধোঁয়ায় তার শ্বাসযন্ত্রে সমস্যা (ইনহেলশন ইনজুরি) তৈরি হয়েছে। তবে তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছিল ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করলে দুই পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে।
বিকেলের সংঘর্ষে ইন্টারকন্টিনেন্টাল এলাকায় অর্ধশতাধিক কর্মী আহত হওয়ার পর সন্ধ্যায় শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চের সদস্যরা। সেখানে দ্বিতীয় দফায় পুলিশ অ্যাকশনে গেলে মহিউদ্দিন রনিসহ আরও অন্তত ২০ জন আহত হন।
নিরাপত্তা বাহিনীর দাবি, সরকারি কাজে বাধা ও ব্যারিকেড ভাঙার চেষ্টা করায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় শাহবাগ ও এর আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য করুন