নির্বাচন-পরবর্তী ‘জাতীয় সরকার’ গঠনের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি জানিয়েছেন, তার দল এককভাবেই রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট পাবে বলে তিনি আত্মবিশ্বাসী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান রাজনৈতিক অবস্থান, পররাষ্ট্রনীতি ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে দলের পরিকল্পনা তুলে ধরেন। লন্ডনে দীর্ঘ দুই দশকের নির্বাসন শেষে গত ডিসেম্বরে দেশে ফেরার পর বিদেশি গণমাধ্যমে এটিই তার প্রথম বিস্তারিত সাক্ষাৎকার।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রস্তাবিত জাতীয় সরকার প্রসঙ্গে তারেক রহমান প্রশ্ন তোলেন, “রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে সরকার গঠন করলে বিরোধী দলে কে থাকবে?” তিনি আরও যোগ করেন, জামায়াত কতটি আসন পাবে তা এখনই বলা সম্ভব নয়, তবে তারা বিরোধী দলে থাকলে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সরকার গঠনের প্রয়োজনীয় আসন বিএনপি একাই পাবে। উল্লেখ্য, ৩০০ আসনের মধ্যে ২৯২টিতেই একক প্রার্থী দিয়েছে দলটি।
সাক্ষাৎকারে ভারত ও চীন সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান কৌশলগত অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে পড়া নয়, বরং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিশ্চিত করতে সক্ষম এমন সব দেশের সঙ্গেই অংশীদারিত্ব বজায় রাখা হবে। সার্বভৌমত্ব রক্ষা করে দেশের মানুষের স্বার্থে যারা উপযোগী প্রস্তাব দেবে, বিএনপি তাদের সাথেই বন্ধুত্ব রাখবে।
শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, “জনগণ যদি কাউকে গ্রহণ করে, তবে যে কারো রাজনীতি করার অধিকার আছে।” এছাড়া রোহিঙ্গা ইস্যুতে তিনি জানান, নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের জোরপূর্বক ফেরত পাঠানো হবে না, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় সম্মানজনক প্রত্যাবাসনই বিএনপির মূল লক্ষ্য।



মন্তব্য করুন