রাজধানীর মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ৬০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে গুলিবিদ্ধ হওয়ার দাবি করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কেউ গুলিবিদ্ধ বা পিলেট ইনজুরির শিকার হননি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে এক ব্রিফিংয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, রাত সাড়ে আটটা পর্যন্ত প্রায় ৬০ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩০ জনের শরীরে বাহ্যিক আঘাতের চিহ্ন রয়েছে, যা মূলত লাঠিপেটার কারণে হয়েছে। এছাড়া অনেকের মাথায় ও মুখে আঘাত এবং টিয়ারশেলের ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে। তবে কাউকেই হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়েনি।
শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গত বৃহস্পতিবার বিকেল থেকে যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে তারা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ বেশ কয়েকজন আহত হন।
ঘটনার পরপরই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করা হলেও পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ তা নাকচ করে দিয়েছে। হাসপাতাল পরিচালক জানান, বর্তমানে ২০০ চিকিৎসক প্রস্তুত রয়েছেন এবং পরিস্থিতি মোকাবিলায় জরুরি বিভাগের সক্ষমতা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে পল্টনে গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। সেই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচারের দাবিতেই এই কর্মসূচি পালন করছিল সংগঠনটি।



মন্তব্য করুন