সিলেটে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সফরকে কেন্দ্র করে নগরজুড়ে টানানো হয়েছে হলিউড ওয়েব সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর আদলে তৈরি অভিনব সব ব্যানার ও ফেস্টুন। শনিবার (৭ ফেব্রুয়ারি) আমিরের এই সফরকে সামনে রেখে শুক্রবার রাত থেকেই নগরীর বিভিন্ন মোড়ে এসব ডিজিটাল ব্যানার পথচারীদের নজর কাড়ছে।

ব্যানারগুলোতে হলিউডের জনপ্রিয় ওই সিরিজের থিম ব্যবহার করে লেখা হয়েছে— ‘আওয়ার দাদু ইজ কামিং’, ‘উইনটার ইজ কামিং’ এবং ‘আওয়ার দাদু ইজ দ্য নেক্সট পিএম’। এতে তলোয়ার হাতে ডা. শফিকুর রহমানের ছবির পাশাপাশি দাঁড়িপাল্লা ও নেকড়ের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে। সিলেটের নাইওরপুল, চৌহাট্টা ও জিন্দাবাজারসহ প্রধান এলাকাগুলোতে এই ভিন্নধর্মী প্রচারণা দেখা যায়।

ঐতিহ্যবাহী প্রচারণার বাইরে গিয়ে এমন অভিনব স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম জানান, এই ব্যানারগুলোর বিষয়ে দলীয়ভাবে তারা অবগত। তিনি ধারণা প্রকাশ করেন, ‘জেন-জি’ প্রজন্মের একদল তরুণ নিজ উদ্যোগে আধুনিক রুচি ও হাস্যরসের মিশেলে এই প্রচারণার আয়োজন করেছে। জামায়াত আমিরের সিলেটে আগমন উপলক্ষে এই তরুণরাই মূলত এই নতুন ধারার অভিবাদনের পরিকল্পনা বাস্তবায়ন করেছে।