নির্বাচনী ইশতেহারে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে একগুচ্ছ সংস্কারের অঙ্গীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই ইশতেহার ঘোষণা করা হয়। দলের চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন।
ইশতেহারে সাংবাদিকদের বার্ধক্যকালীন ও অর্থনৈতিক নিরাপত্তার কথা মাথায় রেখে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া সাংবাদিকদের ওপর রাজনৈতিক উদ্দেশ্যে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছে দলটি।
বিএনপি জানিয়েছে, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) পুনর্নিরীক্ষণ করা হবে এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা দিতে একটি ‘বিশেষ সেল’ গঠন করা হবে। সংবাদপত্রের বিজ্ঞাপনের ক্ষেত্রে বিদ্যমান রাজনৈতিক পক্ষপাতিত্বের অবসান ঘটিয়ে সুষম বণ্টন নীতি অনুসরণ করার আশ্বাস দেওয়া হয়েছে ইশতেহারে।
মত প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ‘মিডিয়া রেগুলেটরি কাঠামো’ গড়ে তোলার কথা বলেছে বিএনপি। এর মাধ্যমে গুজব, ভুয়া খবর এবং ঘৃণ্য বক্তব্য প্রতিরোধ করা হবে। পাশাপাশি গণমাধ্যমের বিরুদ্ধে নাগরিকদের কোনো অভিযোগ থাকলে তা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির আইনি বাধ্যবাধকতা রাখা হবে।
ইশতেহারে আরও বলা হয়েছে, গণমাধ্যমকর্মী ও অফিসগুলোর নিরাপত্তা নিশ্চিতে যেকোনো হামলা বা আগ্রাসন কঠোরভাবে দমন করা হবে। বিএনপি মনে করে, বস্তুনিষ্ঠ সমালোচকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সে লক্ষ্যে নিরপেক্ষ সাংবাদিকতাকে উৎসাহিত করতে আইনি ও প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।



মন্তব্য করুন