আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর আওতাধীন পানছড়ি ও দীঘিনালা উপজেলায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২১ দশমিক ৮ কিলোমিটার সীমান্ত এলাকা ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে পানছড়ি উপজেলার ২৫টি এবং দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের একটি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে গত ৩০ জানুয়ারি থেকে পানছড়ি উপজেলায় চারটি বেইজ ক্যাম্প স্থাপন করে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকা নড়াইছড়িতে অবস্থিত একটি হেলি-সাপোর্টেড ভোটকেন্দ্রে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে।
মোতায়েনকৃত সদস্যরা যানবাহন, পায়ে হাঁটা ও নদীপথে নিয়মিত ডমিনেশন টহল পরিচালনা করছেন। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় ড্রোন নজরদারি, বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক রায়ট কন্ট্রোল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি লোগাং বিজিবি ক্যাম্প ও গিলাতলী বিওপি এলাকায় দুটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে জনসংযোগ ও সচেতনতামূলক কার্যক্রম, ঝুঁকি বিশ্লেষণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত টহল পরিচালনা করা হচ্ছে।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক সূত্র জানায়, সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপকূলীয় ছয়টি উপজেলা বাদে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করছে।
সূত্র আরও জানায়, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে।



মন্তব্য করুন