বহু বছর পর নানীর বাড়ি ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। আজ শনিবার দুপুরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ ভালো আছি। এই এলাকায় আমার নানীর বাড়ি। এখানকার মানুষের সঙ্গে আমার গভীর আত্মীয় সম্পর্ক রয়েছে। তাই আমি তাদের কাছে ভোট চাই।”
জনসভায় তিনি দিনাজপুরকে দেশের কৃষিভিত্তিক শিল্পের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “দেশের খাদ্যভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের ঐতিহ্যবাহী কাটারী ভোগ চাউল ও লিচুকে বিশ্ববাজারে পাঠানো হবে। এতে বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং এলাকার কৃষকদের ভাগ্যোন্নয়নে সাহায্য করবে। একই সঙ্গে বেকার যুবকদের কাজে লাগাতে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।”
এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু এবং দিনাজপুর সদর ও বিভিন্ন আসনের প্রার্থীরা। তারা প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন করা হবে।