দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় সাবেক পানিসম্পদমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন (৮৫) মারা গেছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কারাগারে বাথরুমে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) জান্নাত-উল ফরহাদ জানান, আজ সকালে ঘুম থেকে উঠে স্বাভাবিক কাজ সেরে নাস্তা করেন রমেশ চন্দ্র সেন। এরপর ওয়ার্ডের বাথরুমে গোসল করতে গিয়ে তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ৯টা ২৯ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার জানান, রমেশ চন্দ্র সেন আগে থেকেই হৃদরোগ ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত ১৭ আগস্ট ঠাকুরগাঁও থেকে আটকের পর তাকে দিনাজপুর কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যাসহ তিনটি মামলায় কারাগারে বন্দি ছিলেন।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের রুহিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদ ঠাকুরগাঁও-১ আসন থেকে মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত মহাজোট সরকারের পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।



মন্তব্য করুন