আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে ইতিহাসে প্রথমবারের মতো উপকূলের ৬৬টি ভোটকেন্দ্রে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে কোস্ট গার্ড পশ্চিম জোন। নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন কোস্ট গার্ড সদস্য মোতায়েন থাকবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবির পাশাপাশি কোস্ট গার্ডও কঠোর অবস্থানে দায়িত্ব পালন করবে।
নির্বাচনের জন্য কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন খুলনা-১, খুলনা-৬ ও পিরোজপুর-৩ আসনের দাকোপ, কয়রা ও মঠবাড়িয়া উপজেলার ১৬টি ইউনিয়নের ৬৬টি ভোটকেন্দ্রে ৫৮৮ জন কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন ক্যামেরায় পর্যবেক্ষণ, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং সহিংসতা দমনে কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং অর্পিত দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে।”