আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অর্থাৎ মোট সাড়ে ৮১ ঘণ্টা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার নন এমন কেউ ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় দেশের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের এই আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘণ্টা পর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক এবং সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটাররা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই কমিশন এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশ অমান্য করে কোনো বহিরাগত নির্বাচনী এলাকায় অবস্থান করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।