তেপান্তর রিপোর্ট:

দেশের মানুষ আর পুরোনো ধাঁচের গতানুগতিক রাজনীতি দেখতে চায় না; তারা চায় একটি বৈষম্যহীন, নিরাপদ ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আজকের তরুণ প্রজন্ম ‘বাংলাদেশ ২.০’–এর যে স্বপ্ন দেখছে, তাদের হাত ধরেই আগামীর ভবিষ্যৎ নির্মিত হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে দেওয়া এই ভাষণে জামায়াত আমির জুলাইয়ের গণঅভ্যুত্থান, রাষ্ট্রীয় সংস্কার এবং তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জুলাইয়ের আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটি ছিল পরিবারতন্ত্র ও একচ্ছত্র ক্ষমতা কাঠামো ভাঙার জন্য ছাত্র-জনতার ঐক্যবদ্ধ লড়াই।”

ডা. শফিকুর রহমান ২০০৯ সাল পরবর্তী গুম, বিচারবহির্ভূত হত্যা এবং নির্বাচনী ব্যবস্থাকে ‘তামাশায়’ রূপান্তরের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, আবু সাঈদ, মুগ্ধ, ওসমান হাদি ও আবরার ফাহাদরা যে সাহসিকতা দেখিয়েছেন, সেই সাহসী সন্তানদের হাতেই দেশ তুলে দিতে হবে।

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি একে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেন। এছাড়া প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার ও মর্যাদার পাশাপাশি ভবিষ্যতে সংসদে তাদের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া প্রয়োজন।

পরিশেষে তিনি হুশিয়ারি দিয়ে বলেন, একটি মহল পরিবর্তনের বিরোধিতা করে এখনো অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে তরুণদের পরিশ্রম ও মেধা দিয়ে সব বাধা জয় করে একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।