অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রকাশিত সম্পদ বিবরণী বিশ্লেষণে দেখা গেছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মোট সম্পদ এক বছরের ব্যবধানে ১ কোটি ১২ লাখ টাকারও বেশি কমেছে। অন্যদিকে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের বিদেশে ১২ লাখ মার্কিন ডলারের ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় বা ঋণ রয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সৈয়দা রিজওয়ানা হাসানের মোট সম্পদের পরিমাণ ছিল ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৫৫ টাকা। ২০২৫ সালের ৩০ জুনের হিসাবে তা কমে দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ ৭২ হাজার ৯২৪ টাকায়। অর্থাৎ এক বছরে তার সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১২ লাখ ৯২ হাজার টাকা। তবে একই সময়ে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক দায়ের পরিমাণ ১০ লাখ ৫৪ হাজার টাকা থেকে কমে ৬ লাখ ৪৭ হাজার টাকায় নেমেছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের দেশীয় আর্থিক সম্পদ ২০২৪ সালের ২০ লাখ টাকা থেকে বেড়ে ২০২৫ সালে ২২ লাখ টাকা হয়েছে। তবে তার বড় অংকের দায় রয়েছে দেশের বাইরে। বিবরণী অনুযায়ী, ২০২৪ সালে তার ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের ঋণ ছিল, যা ২০২৫ সালে কিছুটা কমে ১২ লাখ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া বিদেশে তার ২২ লাখ টাকার সমপরিমাণ সম্পদ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিবরণীতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা গ্রহণ করেননি। স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী এই তথ্যগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।