ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ভিত্তিক গণভোটের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেওয়া এই ভাষণে তিনি স্পষ্ট করেছেন যে, নির্বাচনের পরপরই জয়ী প্রতিনিধিদের হাতে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার বিদায় নেবে।
প্রধান উপদেষ্টা দেশবাসীকে গুজব ও অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে। অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান সরকার ক্ষমতা ছাড়বে না—এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে নিজ নিজ কাজে ফিরে যাওয়ার জন্য।”
গণভোট ও নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ড. ইউনূস বলেন, “দেশের চাবি এখন জনগণের হাতে। আপনারা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন। গণভোটে আপনাদের সক্রিয় অংশগ্রহণই জুলাই বিপ্লবের শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করবে এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দেবে।” তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
ভাষণে তিনি আরও উল্লেখ করেন যে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচন কেবল একটি ভোট নয়, বরং এটি জাতিকে ফ্যাসিবাদী ব্যবস্থার অবশেষ থেকে মুক্ত করে গণতান্ত্রিক পথে উত্তরণের ঐতিহাসিক মুহূর্ত। তিনি ভোটারদের ভয়মুক্ত হয়ে সাহস নিয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।



মন্তব্য করুন