অবশেষে প্রতীক্ষার অবসান। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ভোর থেকেই রাজধানীর রামপুরা, খিলগাঁও, শান্তিনগরসহ বিভিন্ন এলাকার ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেন্দ্র খোলার আগেই অনেককে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রামপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা গৃহিণী শারমিন আক্তার বলেন, “শান্তিপূর্ণ পরিবেশ দেখে সকালেই চলে এসেছি। কোনো ঝামেলা ছাড়াই লাইনে দাঁড়াতে পেরেছি।”
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ২৯৯টি সংসদীয় আসনে ১ হাজার ৯৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারই প্রথমবারের মতো ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন প্রবাসী ও কারাবন্দিরা।
নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে প্রায় ১০ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে ২ হাজার ১৩১টি কেন্দ্রের মধ্যে ১ হাজার ৮২৮টি কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা দিচ্ছে ডিএমপি। ড্রোন এবং পুলিশের বডিপোর্ট ক্যামেরার মাধ্যমে কেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাব মহাপরিচালক।



মন্তব্য করুন