রাজধানীর ঢাকা-৮ আসনের একটি ভোটকেন্দ্রে শাপলা প্রতীকের পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটগ্রহণ শুরুর প্রাক্কালে এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ওই এজেন্ট কেন্দ্রে প্রবেশের সুযোগ পান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাপলা প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর পোলিং এজেন্ট গোলাম মোস্তফা সকাল সোয়া ৭টার দিকে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে বাধা দেওয়া হয়। অভিযোগ উঠেছে, ধানের শীষ প্রতীকের সমর্থকরা তাকে দীর্ঘক্ষণ কেন্দ্রের বাইরে আটকে রাখেন।
ভুক্তভোগী পোলিং এজেন্ট গোলাম মোস্তফা গণমাধ্যমকর্মীদের বলেন, “ভোট শুরুর সময় হয়ে গেলেও আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশকে জানিয়েও কোনো সহায়তা পাইনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘক্ষণ নীরব ছিল।”
এ বিষয়ে কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোমিন জানান, বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছিল। অন্যদিকে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি।
সকাল সাড়ে ৭টার দিকে সেনাবাহিনীর একটি দল কেন্দ্রে পৌঁছালে পরিস্থিতির পরিবর্তন ঘটে। তাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত গোলাম মোস্তফাকে পোলিং এজেন্ট হিসেবে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



মন্তব্য করুন