ঢাকা-৮ (মতিঝিল-রমনা) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলে দেখা যায়, মির্জা আব্বাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীকে ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টি কেন্দ্রের সরাসরি ভোট ও পোস্টাল ভোটের সমন্বয়ে মির্জা আব্বাস পেয়েছেন মোট ৫৯ হাজার ৩৬৬ ভোট। এর মধ্যে সরাসরি কেন্দ্রে ৫৬ হাজার ৫৫২ এবং ডাকযোগে (পোস্টাল) ২ হাজার ৮১৪ ভোট সংগৃহীত হয়েছে।
অন্যদিকে, তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা নাসীরুদ্দীন পাটোয়ারী পেয়েছেন মোট ৫৪ হাজার ১২৭ ভোট। তিনি সরাসরি কেন্দ্রে ৫১ হাজার ৫৭২ ভোট এবং ডাকযোগে ২ হাজার ৫৫৫ ভোট পেয়েছেন।
অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেফায়েত উল্লা (হাতপাখা) ১ হাজার ৪৩৬ ভোট এবং গণঅধিকার পরিষদের মেঘনা আলম (ট্রাক) ৬০৮ ভোট পেয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। নির্বাচনে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি ভোট পড়েছে, যার মধ্যে ২ হাজার ৮১৭টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৬৭টিতে। এই আসনে পোস্টাল ব্যালটে উল্লেখযোগ্য সংখ্যক ভোট সংগৃহীত হয়েছে।



মন্তব্য করুন