কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন। তবে এই আসনের ১০ প্রার্থীর মধ্যে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি ৮ জনই তাদের জামানত হারিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষিত রিটার্নিং কর্মকর্তার চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা মিলিয়ে মোট ভোট পড়েছে ২ লাখ ৬২ হাজার ১৮৫টি। বিধি অনুযায়ী, প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (৩২ হাজার ৭৩৭ ভোট) না পাওয়ায় ৮ জন প্রার্থী তাদের জামানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
বিএনপি প্রার্থী মো. জসিম উদ্দিন ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ড. মোবারক হোসেন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। আসনটিতে জসিম উদ্দিন ৯ হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে জয়ী হন।
অন্যদিকে, জামানত হারানো প্রার্থীদের ভোটের সংখ্যা ছিল নামমাত্র। এর মধ্যে এবি পার্টির জোবায়ের আহমেদ ভূঁইয়া ২ হাজার ৯ ভোট এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ রাশেদুল ইসলাম ১ হাজার ৪৫১ ভোট পেয়েছেন। বাকিদের মধ্যে জাতীয় পার্টির ইমরান উল হক ৬৭২ ভোট, সিপিবির আব্দুল্লাহ আল ক্বাফী ৩৩৪ ভোট এবং জেএসডির শিরীন আক্তার পেয়েছেন মাত্র ১৩৭ ভোট। এনপিপি-র আবুল বাশার সবথেকে কম ৯৭ ভোট পেয়ে তালিকায় সবার শেষে রয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তানভীর হোসেন ও মাহমুদা জাহান স্ব-স্ব উপজেলার ফল ঘোষণার পর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজা হাসান এই আসনের বেসরকারি ফলাফল চূড়ান্ত করেন।



মন্তব্য করুন