পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এ কে এম ফয়েজ ও মো. ইলিয়াস আলী মন্ডল। এর আগে গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছ থেকে ওই নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় জনস্বার্থে এই রিট দায়ের করা হয়।

রিট আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘকালীন প্রথা ও ধর্মীয় রীতি অনুযায়ী বাংলাদেশে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। রমজানে স্কুল খোলা রাখা অসাংবিধানিক এবং এটি কোমলমতি শিক্ষার্থীদের ধর্মীয় আচার পালনে অন্তরায় সৃষ্টি করে। এছাড়া রমজানে স্কুল চালু থাকলে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা জনদুর্ভোগ বাড়ায়।

আদালতের এই আদেশের ফলে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পুরো রমজান মাসে স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই আদেশের বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তী কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।