শরীয়তপুরে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্য। সদর উপজেলার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত নারীদের মাঝে উপহার হিসেবে বিতরণ করা হয়েছে নতুন শাড়ি।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই শাড়ি বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আহমেদ আসলাম বলেন, “উৎসব কেবল নির্দিষ্ট কোনো ধর্ম বা গোষ্ঠীর নয়, উৎসব সবার। সব বৈষম্য ভুলে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা যেন অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশে একসাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারি—সেটিই আমাদের মূল লক্ষ্য।”

​তিনি আরও বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে যেকোনো উৎসবের আবেদন বহুগুণ বেড়ে যায়। পর পর সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

​অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে সমাজে পারস্পরিক সম্প্রীতি, ভাতৃত্ববোধ ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, মোফাজ্জল হোসেন ফকির, আব্দুল মান্নান মাদবর, বিএম হারুন অর রশীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, বিএম মহিউদ্দিন বাদল, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ, সাবেক জিএস খলিলুর রহমান মোল্লা, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আলী আজগর কাজী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।