নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরপরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

সেনাপ্রধান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিজয়ী নতুন সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে মাঠ পর্যায় থেকে সেনাসদস্যদের প্রত্যাহার করা হবে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ বুঝে না নেওয়া পর্যন্ত সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মোতায়েন থাকবে।

নির্বাচনী দায়িত্ব পালনে সেনাসদস্যদের ভূমিকার প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, প্রতিকূল ও সংবেদনশীল পরিবেশে সদস্যরা চরম ধৈর্য ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। গত দেড় বছরের অস্থিতিশীল পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীলতায় ফিরিয়ে আনতে সেনাবাহিনীর ত্যাগ দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সেনাপ্রধান তাদের দক্ষতা ও বীরত্বের কথা তুলে ধরার পাশাপাশি পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে ধৈর্যশীলদের পুরস্কৃত করার কথা স্মরণ করিয়ে দেন।