ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রাক্কালে দলীয় ও সচিবালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চাঁদপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এহসানুল হক মিলন এর আগে ২০০১-০৬ মেয়াদে একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ দুই দশক পর পূর্ণ মন্ত্রী হিসেবে তিনি শিক্ষা প্রশাসনে ফিরছেন।

বিকেল ৪টা ৪৯ মিনিটে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, রাষ্ট্রপতি নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতায় গঠিত এই মন্ত্রিসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ অভিজ্ঞ রাজনীতিকদের স্থান হয়েছে।

পাশাপাশি প্রতিমন্ত্রীর তালিকায় জোনায়েদ আবদুর রহিম সাকি, নুরুল হক নুর ও ববি হাজ্জাজের মতো নতুন মুখগুলো গুরুত্ব পেয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া এহসানুল হক মিলন ১৯৫৭ সালে চাঁদপুরের কচুয়ায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক শেষে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এমবিএ এবং ২০১৮ সালে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। পেশাগত জীবনে যুক্তরাষ্ট্রে রসায়নবিদ ও শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তার।