দিনাজপুর-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় বড় চমক দেখিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবগঠিত মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের পর তাকে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) সংসদীয় আসন থেকে এর আগে কেউ পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাননি। ডা. জাহিদ হোসেনের হাত ধরেই এই আসনে প্রথম মন্ত্রীত্ব এলো। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের আনোয়ারুল ইসলাম পান ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।
পেশাজীবী নেতা হিসেবে সুপরিচিত ডা. জাহিদ হোসেন ২০১০ সালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ২০১৬ সালে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের ১৬ আগস্ট তাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়।
দিনাজপুর-৬ আসনের উন্নয়নে এবং নব অর্পিত মন্ত্রণালয়ের সংস্কারে ডা. জাহিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তৃণমূল নেতাকর্মী ও এলাকাবাসী প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন