শিক্ষক ও রাজনীতি বিশ্লেষক ববি হাজ্জাজকে নবগঠিত মন্ত্রিসভায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ববি হাজ্জাজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের মামুনুল হককে পরাজিত করেন। মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭ ভোট।
ববি হাজ্জাজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তবে ২০২৬ সালের নির্বাচনের প্রাক্কালে তিনি দল ছেড়ে বিএনপিতে যোগ দেন এবং নির্বাচনে অংশ নেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা ববি হাজ্জাজ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
ব্যবসায়ী ব্যক্তিত্ব মুসা বিন শমসেরের বড় ছেলে ববি হাজ্জাজ ২০১৪ সালে জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। তৎকালীন প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। পরবর্তীতে রাজনৈতিক মতপার্থক্যের কারণে তিনি নিজস্ব দল এনডিএম গঠন করেন।
শপথ গ্রহণ শেষে ববি হাজ্জাজ বলেন, মোহাম্মদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করাই হবে তার প্রধান লক্ষ্য।

মন্তব্য করুন