পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে টানা ৩৯ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলো। তবে কলেজ পর্যায়ে ছুটি শুরু হলেও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রমজানের মাঝামাঝি সময় পর্যন্ত খোলা থাকছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে কলেজ। এরপর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি এবং পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে।
এদিকে, স্কুল ও মাদরাসার ছুটির ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। মাদরাসাগুলোতে গত ১৫ ফেব্রুয়ারি থেকেই রমজানের ছুটি শুরু হয়েছে। অন্যদিকে, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এবার ছুটির পরিধি কমিয়ে আনা হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী ও আশুরার মতো বেশ কিছু ছুটি বাতিলের পাশাপাশি রমজান মাসের অর্ধেকের বেশি সময় ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ে আগামী ৮ মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা রয়েছে।
মন্ত্রণালয় প্রকাশিত বর্ষপঞ্জি অনুযায়ী, চলতি বছর ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিন এবং দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকবে শীতকালীন অবকাশ।
প্রতি বছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে তিন দিনের সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যা তারা বিশেষ প্রয়োজনে ব্যয় করতে পারবেন।

মন্তব্য করুন