রাজধানীতে ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ কর্মসূচির সূচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ফজর নামাজের পর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাইতুন নূর মসজিদ এলাকা থেকে নিজ হাতে ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কারের মাধ্যমে এই অভিযানের উদ্বোধন করেন তিনি।
পরিচ্ছন্নতা অভিযানে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দীনসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে ডা. শফিকুর রহমান ঢাকার পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান।
কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় নেতা বলেন, “আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা।”
জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করে তিনি বলেন, “জুলাইয়ের বিপ্লব না এলে তারেক রহমান আজ প্রধানমন্ত্রী হতে পারতেন না, আর আমিও বিরোধীদলীয় নেতার দায়িত্বে আসতে পারতাম না। আমাদের সবার নৈতিক দায়িত্ব হলো সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।”
রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের পাশাপাশি সামাজিক সংস্কারের এই উদ্যোগকে দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান জামায়াত নেতারা।

মন্তব্য করুন