চাঁদপুরের মতলব দক্ষিণে পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মতলব পৌরসভার দক্ষিণ নলুয়া গ্রামের খাঁন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ওই গ্রামের সাবেক সেনা সদস্য শাহাদাত হোসেন খাঁনের স্ত্রী রিনা বেগম (৫৫) এবং তাঁর ছেলে এনামুল হক রাসেল খাঁন (৩৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বাড়ির সামনের পুকুর থেকে পানি তোলার জন্য একটি বৈদ্যুতিক পাম্প বসানো হয়েছিল। পাশের স্তূপ করে রাখা বালু ভেজানোর জন্য পাম্পটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করছিলেন রাসেল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পাশে থাকা মা রিনা বেগম ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। অতিরিক্ত ভোল্টেজে এ সময় পাম্পটিও পুড়ে যায়।
নিহত রাসেলের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। অন্যদিকে রিনা বেগম চার সন্তানের জননী ছিলেন। একই পরিবারের দুই সদস্যের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন