বিতর্কিত ‘জুলাই জাতীয় সনদ’কে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে এই সনদের কার্যকারিতা স্থগিতের আর্জি জানানো হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।

আবেদনে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক এবং এর মাধ্যমে আইনি ও সাংবিধানিক জটিলতা তৈরির সুযোগ রয়েছে। রিটে বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের।

অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন সরকার ও বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্যমত্যের ভিত্তি হিসেবে এই ‘জুলাই সনদ’ তৈরি করা হয়েছিল। তবে শুরু থেকেই এর আইনি বৈধতা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক চলছিল। এমন সময়ে এই রিট দায়ের করা হলো যখন সংসদে এই সনদের চেতনা বাস্তবায়নের কথা বলছেন ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারা।