শরীয়তপুরে কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দানবাক্স দুটিতে অন্তত একলাখ টাকা ছিলো বলে দাবি করেছেন মন্দির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে শহরের পালং বাজার এলাকায় শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দিরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পালং মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মন্দিরের ব্যবস্থাপনা কমিটি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ মন্দির শরীয়তপুর জেলা শহরের পালং বাজারে অবস্থিত। মন্দিরটির চারদিকে প্রাচীন সীমানা দিয়ে ঘেরা। নিরাপত্তা, চুরি ও নাশকতা ঠেকানোর জন্য ১৬ টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। মূল মন্দির ভবনের বারান্দায় ও বাইরে রাখা হয়েছে দান বাক্স। আজ বুধবার সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রথমে বাইরের দানবাক্সটি ভাঙা দেখতে পান পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী। এরপর তিনি ভেতরে প্রবেশ করলে দেখতে পান মন্দিরের গ্রিল কাটা ও ভেতরের দানবাক্সটিও ভেঙে টাকা চুরি হয়েছে। এছাড়া পাশের কালি মন্দিরের লোহার গ্রিলের তালা ভাঙা দেখতে পান তিনি।

বিষয়টি স্থানীয়দের জানালে তারা এসে পুলিশকে খবর দেয়। মন্দিরের দান বাক্স দুটিতে অন্তত একলাখ টাকা ছিলো দাবি করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন মন্দিরের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ

বিষয়টি নিয়ে শ্রী শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরের সভাপতি মুকুল চন্দ্র রায় বলেন, রাতের আধারে মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও আমাদের মন্দিরে চুরি হয়েছে, বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কাউকে আটক করতে পারেনি। ফলশ্রুতিতে আবারও মন্দিরে চুরি হলো।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে মন্দিরের অনুষ্ঠান হয়েছে, ভক্তরা দুটি দানবাক্সে কমপক্ষে লাখ টাকা দক্ষিণা দিয়ে ছিলেন। আমরা চাই অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক

এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।