সচিবালয়ের ১ নম্বর ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে সরকারের প্রাথমিক কর্মপরিকল্পনা ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের রূপরেখা নিয়ে আলোচনা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গঠিত এই মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী বৈঠকে অংশ নেন। এর মধ্যে ৩ জন টেকনোক্র্যাট সদস্যও রয়েছেন। গত মঙ্গলবার দপ্তর বণ্টনের পর আজই প্রথম তারা নীতি-নির্ধারণী এই বৈঠকে মিলিত হলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারকে পুনর্বাসন ও আহতদের চিকিৎসার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ভঙ্গুর অর্থনীতি সংস্কারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের হাতে রাখা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও পরে আলাদাভাবে পরিচিত হন। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে এটিই ছিল সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী কর্মসূচি। বিকেলে সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন