আসন্ন রমজানে সেহরি, ইফতার ও তারাবির সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে ১৮০ দিনের একটি বিশেষ ‘রোডম্যাপ’ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নতুন মন্ত্রিসভা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও এতে জনগুরুত্বপূর্ণ একাধিক বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক শেষে শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের জানান, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভাগুলোতে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন—বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো বিষয়গুলো যেন দ্রুত দৃশ্যমান হয়, সেই নির্দেশনা দিয়েছেন।” এছাড়া মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করছে। এই সময়ের মধ্যে দৃশ্যমান সংস্কার ও জনকল্যাণমূলক কাজগুলো সম্পন্ন করা হবে। তিনি আরও জানান, গণমাধ্যম কমিশনের প্রস্তাবনা নিয়ে দ্রুত কাজ শুরু করবে সরকার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান জানান, সাধারণ মানুষের ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন হয়, সে বিষয়ে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভিভিআইপি মুভমেন্টের কারণে যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে বিষয়ে আইজিপিকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন