শিক্ষা প্রশাসনের শীর্ষ পদ এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ নিয়ে চলমান বিতর্কের মুখে কঠোর কোনো ব্যবস্থার ইঙ্গিত না দিয়ে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশাসনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের আমলে শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তরে একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের নিয়োগের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষামন্ত্রী একটি ইংরেজি প্রবাদ ব্যবহার করে নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, “উই ডোন্ট ওয়ান্ট টু ড্রাইভ আওয়ার কার লুকিং ইন দ্য রিয়ার ভিউ মিরর পুটিং আওয়ার গিয়ার ইন রিভার্স (আমরা পেছনের দিকে তাকিয়ে গাড়ি রিভার্স গিয়ারে চালাতে চাই না)।”

মিলন স্পষ্ট জানিয়ে দেন, বিগত সময়ে কী হয়েছে বা কারা নিয়োগ পেয়েছেন, সেটি নিয়ে পড়ে না থেকে তাঁর প্রশাসন ভবিষ্যতের দিকে তাকাতে চায়। তিনি বলেন, “আমরা সামনের দিকে তাকাব। বিগত সময়ের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলব না, আমরা কথা বলব ভবিষ্যৎ নিয়ে।”

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ এবং শিক্ষা অধিদপ্তরের শীর্ষ পদগুলোতে দলীয়করণের অভিযোগ তুলে আসছিল বিভিন্ন মহল। তবে নতুন শিক্ষামন্ত্রীর এই বক্তব্য থেকে আভাস পাওয়া যাচ্ছে যে, ঢালাওভাবে পুরোনো নিয়োগ বাতিল না করে বর্তমান কাঠামোর মধ্যেই সংস্কার বা নতুন গতি আনার পথে হাঁটতে পারে নবগঠিত সরকার।