পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত সংলগ্ন শরীয়তপুরের নাওডোবা গোলচত্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং একাধিক যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল দিকে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জমাদ্দার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর মধ্যে একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা অপর একটি বাস সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের ওপর উঠে যায়।
দুর্ঘটনায় আকাশ সরদার (৩১) নামে এক বাস হেল্পার ঘটনাস্থলেই নিহত হন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া দুর্ঘটনায় অন্তত কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে কিছু সময় যানজটের সৃষ্টি হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশ জানায়, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়। প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।