আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত প্রত্যাশা পূরণের নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে আমরা দ্রুত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে চাই।”
পুলিশসহ বিভিন্ন বাহিনীর সংস্কার প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজাতে গণতান্ত্রিক সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় নতুন জনবল নিয়োগের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে বাজেট বরাদ্দের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিটি প্রতিষ্ঠানের পুনর্গঠন ও নৈতিক মান উন্নয়নের মাধ্যমে হারানো আস্থা ফিরিয়ে আনা হবে। এ লক্ষ্যে একটি যুগোপযোগী মহাপরিকল্পনা তৈরির জন্য তিনি সংস্থা প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য করুন