বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার ব্রিটিশ হাইকমিশন কিয়ার স্টারমারের পাঠানো অভিনন্দন বার্তাটি প্রকাশ করে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে এই আনুষ্ঠানিক চিঠি লিখেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
অভিনন্দন বার্তায় কিয়ার স্টারমার দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে আরও বিস্তৃত ও শক্তিশালী হবে। চিঠিতে স্টারমার উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক পারস্পরিক সহযোগিতা এবং জনগণের মধ্যকার শক্তিশালী বন্ধনের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে।
যুক্তরাজ্য বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী দেশ হিসেবে বাণিজ্য সম্প্রসারণে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এছাড়া অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
চিঠিতে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন স্টারমার। তিনি জানান, এই সংকটে যুক্তরাজ্যের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের অংশীদারিত্বের একটি ‘নতুন অধ্যায়’ সূচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গন থেকে আসা এসব অভিনন্দন বার্তাকে নতুন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক স্বীকৃতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন