ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) শুরু হতে পারে। সংসদ সচিবালয়ের উচ্চপর্যায়ের এক বৈঠক থেকে এই প্রাথমিক তারিখের তথ্য পাওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পক্ষ থেকে এখনও কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের ২ নম্বর উপধারা অনুযায়ী, নির্বাচনের ফলাফলের সরকারি গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। গত ১৪ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে। সেই হিসেবে আগামী ১৬ মার্চের মধ্যে অধিবেশন ডাকার আইনি বাধ্যবাধকতা রয়েছে। তবে পবিত্র রমজান মাস ও নতুন সরকারের প্রশাসনিক গতিশীলতার কথা বিবেচনা করে ফেব্রুয়ারির শেষ সপ্তাহেই অধিবেশন ডাকার প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়।
গত ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বৈঠকে ২৫ অথবা ২৬ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর বিষয়ে আলোচনা হয়। তবে সংসদ সচিব কানিজ মওলা জানিয়েছেন, তারা এখনও লিখিত কোনো নির্দেশনা পাননি।
এবারের সংসদ অধিবেশনে একটি বিশেষ জটিলতা তৈরি হয়েছে সভাপতিত্ব করা নিয়ে। সাধারণত বিদায়ী স্পিকার নতুন সংসদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন এবং নতুন স্পিকার নির্বাচন করেন। কিন্তু দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পদত্যাগ ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় সভাপতিত্ব কে করবেন, তা নিয়ে আইনি ব্যাখ্যার প্রয়োজন হতে পারে। ধারণা করা হচ্ছে, রাষ্ট্রপতি কোনো একজন জ্যেষ্ঠ সদস্যকে স্পিকার হিসেবে মনোনীত করতে পারেন।

মন্তব্য করুন