সত্তরের দশকের শেষভাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত ঐতিহাসিক ‘খাল খনন’ কর্মসূচি পুনরায় চালু করতে যাচ্ছে নতুন সরকার। আগামী ১৫ দিনের মধ্যে দেশব্যাপী এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, “১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রায় দুই হাজার মাইলের বেশি খাল খনন করেছিলেন। সেই সফল কর্মসূচিকে আমরা আবারও সামনে নিয়ে আসছি। আগামী ১৫ দিনের মধ্যে সাধারণ মানুষ, প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে এই কার্যক্রম শুরু হবে।”
নদী ও জলাশয় রক্ষায় সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশের যেসব নদী খনন প্রয়োজন এবং যেসব জলাশয় অবৈধ দখলে রয়েছে, সেগুলো দ্রুত দখলমুক্ত করা হবে। নদী ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থানীয় পর্যায়ে খাল ও জলাশয়ের তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেন।

মন্তব্য করুন