অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পদ থেকে বিদায় নেওয়ার পর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে অনুসারী বা ফলোয়ার বৃদ্ধি পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন শফিকুল আলম। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এই অনুভূতি শেয়ার করেন।

পোস্টে শফিকুল আলম উল্লেখ করেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস সরকারের মুখপাত্র হিসেবে ১৮ মাসের দায়িত্ব পালন শেষে তার অনুসারীর সংখ্যা ছিল ৪ লাখ ৯৮ হাজার। তিনি ভেবেছিলেন, সরকারি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর এবং নিয়মিত প্রেস ব্রিফিং বন্ধ হয়ে যাওয়ায় এই সংখ্যা দ্রুত কমে যাবে।

কিন্তু গত দুই দিনে তাকে অবাক করে দিয়ে ফলোয়ার সংখ্যা ৫ লাখ (অর্ধ মিলিয়ন) ছাড়িয়ে গেছে। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি লিখেছেন, “আশ্চর্যজনকভাবে গত দুই দিনে ফলোয়ার অর্ধ মিলিয়নের বেশি ছাড়িয়ে গেছে। কী হচ্ছে? আমি সত্যিই সম্মানিত। ধন্যবাদ বন্ধুরা।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হওয়ায় গত ১৭ ফেব্রুয়ারি শফিকুল আলমের প্রেস সচিবের পদের মেয়াদ শেষ হয়। এরপর গত ১৮ ফেব্রুয়ারি তিনি নতুন ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’ (The Daily Waadaa)-এর সম্পাদক হিসেবে যোগ দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে বিদায়ী উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।