প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে প্রেষণে তাকে এই নিয়োগ দেওয়া হয়।
ডা. মনোয়ারুল কাদির বিটু বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। চিকিৎসক সমাজের পরিচিত মুখ ডা. বিটু ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তস্পন্দন’-এর চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছাত্রজীবনে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাধনা ত্রিপুরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে তার চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত নিয়োগ রাজনৈতিক ও পেশাজীবী মহলে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন