অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু করেন রাষ্ট্রপ্রধান।

এরপর রাত ১২টা ৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সপরিবারে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়।

ব্যতিক্রমী এক আয়োজনে এবার শ্রদ্ধা নিবেদন শেষে বায়ান্নোর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ ও গাজীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান পুষ্পস্তবক অর্পণ শেষে এভাবে প্রকাশ্য মোনাজাতে অংশ নিলেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ১৬ মিনিটে তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি এবং জিয়া পরিবার ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শহীদ মিনারে অভ্যর্থনা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়।