সরকার চলতি ফেব্রুয়ারি মাস থেকেই দেশের ৪ কোটি ১০ লাখ পরিবারের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন শপন শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, কেবল আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন সম্ভব নয়, দেশের উন্নয়ন নিশ্চিত করতে সুসংগঠিত পরিকল্পনার প্রয়োজন। সেই লক্ষ্যেই সরকার রাষ্ট্র মেরামতের ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে। জনগণের সঙ্গে সরকারের নিবিড় সম্পর্ক বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রশাসনের নিরপেক্ষতা প্রসঙ্গে জহির উদ্দিন শপন বলেন, অতীতে প্রশাসনকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করার নজির রয়েছে। যারা ক্ষমতার অপব্যবহার করে ইচ্ছাকৃতভাবে অন্যায় করেছে, তাদের চিহ্নিত করা হবে। তবে পেশাগত দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত ত্রুটি করা কর্মকর্তাদের সম্মান বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনের সঙ্গে জনগণের দূরত্ব ঘুচিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে সরকারি পরিকল্পনাগুলোর সঠিক বাস্তবায়ন সম্ভব হবে না। এ সময় তিনি সরকারি প্রতিশ্রুতিগুলো জনগণের কাছে আরও স্পষ্ট করার অঙ্গীকার ব্যক্ত করেন।